কর্মী কাঠামো সহজ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর লক্ষ্যে নিজেদের গ্রাহকসেবা বিভাগে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে রাইড শেয়ারিং জায়ান্ট উবার।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি খাতের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং স্বশরীরে কাজের পরিসর বাড়ানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। উবারের এক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম আরও সরলীকরণ, সরাসরি পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং এআই প্রযুক্তির ওপর নির্ভরতা অব্যাহত রাখতেই এই ছাঁটাই।
মার্কিন বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গের তথ্যমতে, এই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উবারের ‘কমিউনিটি অপারেশনস’ বিভাগে—যে বিভাগটি বিশ্বজুড়ে বিভিন্ন ভাষা ও অঞ্চলে সেবা নিশ্চিত করা এবং স্থানীয় চালক-ব্যবসার সঙ্গে সমন্বয় রক্ষার দায়িত্বে থাকে।
এ বিষয়ে উবারের ‘গ্লোবাল কমিউনিটি অপারেশনস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেঘা ইয়েথাদকা কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ মেমোতে স্বীকার করেছেন, প্রশাসনিক কাঠামো দিনদিন জটিল ও খণ্ডবিখণ্ড হয়ে পড়ছিল। তার ভাষায়, গ্রাহকসেবায় এআই প্রয়োগে ইতিমধ্যে কিছুটা অগ্রগতি হলেও, এই প্রযুক্তির পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হলে সাংগঠনিক কাঠামোতেও বড় পরিবর্তন আনা জরুরি।
তবে ঠিক কোন ধরনের জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে উবার, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ব্লুমবার্গ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গ্রাহকসেবা খাতে এআই এজেন্টদের সক্ষমতা লক্ষণীয়ভাবে বেড়েছে—বিশেষত ভয়েস এআই এখন প্রায় মানুষের মতোই স্বাভাবিকভাবে গ্রাহকদের সঙ্গে কথা বলতে ও তাদের চাহিদা বুঝতে সক্ষম হয়ে উঠছে।
ছাঁটাইয়ের পাশাপাশি রিমোট লোকেশন থেকে কাজ করা কর্মীদের মূল আঞ্চলিক কার্যালয়ে ফিরে আসারও নির্দেশ দিয়েছে উবার। এর আগেও কোম্পানিটি জানিয়েছিল, এআই প্রযুক্তির প্রসারের কারণে তারা নতুন নিয়োগের গতি কমিয়ে এনেছে।
লক্ষণীয় বিষয় হলো, এআইয়ের কারণ দেখিয়ে বড় পরিসরে কর্মী ছাঁটাই করা প্রযুক্তি কোম্পানির তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। চলতি বছরের জুনে এআই ব্যবহার সম্প্রসারণের কথা বলে বিশ্বজুড়ে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করে ওরাকল। এপ্রিলে একই কারণ দেখিয়ে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করে স্ন্যাপ। আর সম্প্রতি ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা, যাতে চাকরি হারিয়েছেন প্রায় আট হাজার মানুষ—পরবর্তীতে যাদের মধ্যে প্রায় সাত হাজার কর্মীকে অবশ্য এআই টুল তৈরির নতুন বিভাগে স্থানান্তর করা হয়েছে।
