ঢাকা, এখন সময় মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গনমাধ্যম
  8. ছোটদের পোস্ট
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মতামত

পেঁয়াজ সংরক্ষণে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

Dhaka
July 24, 2026 4:01 pm
Link Copied!

দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। এই পরিস্থিতি বদলাতে কৃষক পর্যায়ে নতুন করে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার ভাষ্য, সংরক্ষণ সক্ষমতা বাড়ানো গেলে একদিকে যেমন আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে, তেমনি ভবিষ্যতে রপ্তানির পথও তৈরি হবে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মো. রফিকুল ই মোহামেদ।

মন্ত্রী আরও বলেন, প্রবাসে থাকা প্রায় এক কোটি বাংলাদেশি দেশীয় পেঁয়াজ খেতে চান, কারণ বিশ্বের অনেক দেশে উৎপাদিত পেঁয়াজ অনেকটাই সবজির মতো, প্রকৃত অর্থে পেঁয়াজ বলতে দেশীয় জাতকেই বোঝায়।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রকল্প পরিচালক ড. মো. মাহফুজুর রহমান জানান, বর্তমানে দেশে বছরে চার থেকে সাত লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়, যদিও ১০ ফুট বাই ১০ ফুটের একটি ইটের ঘরে এয়ার ফ্লো মেশিন ব্যবহার করেই দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ সম্ভব। এই পদ্ধতি পুরোপুরি বাস্তবায়িত হলে বছরে প্রায় ৩৭৫ কোটি টাকার পেঁয়াজ সংরক্ষণ করা যাবে বলে জানান তিনি, আর দীর্ঘদিন সংরক্ষণের জন্য সবচেয়ে উপযোগী হিসেবে উল্লেখ করেন তাহেরপুরী জাতের পেঁয়াজকে।

বাজার পরিস্থিতি তুলে ধরে প্রকল্প পরিচালক বলেন, পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ টাকার নিচে বা ৮০ থেকে ১০০ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে বাস্তবতা হলো, বাজারে কেজিপ্রতি ১০০ টাকা দাম হলেও কৃষক পান মাত্র প্রায় ৫০ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ২০২৫ সালের মে মাসে শুরু হয়ে চলবে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। মোট ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সম্পূর্ণ অর্থায়ন করছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়াসহ মোট ১৬ জেলার ১০৭টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি, যার আওতায় বসানো হচ্ছে ৩ হাজার ৭০০টি পরিবেশবান্ধব এয়ার ফ্লো মেশিন এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৩ হাজার ৯০০ জন কৃষককে।

প্রকল্প বাস্তবায়নের ফলে পেঁয়াজের সংগ্রহোত্তর ক্ষতি ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি পচন থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাসের নিঃসরণ কমায় পরিবেশগত সুফলও মিলবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।