২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১ গোলে হারের পর আর্জেন্টিনার রাস্তায় ছড়িয়ে পড়া হতাশা এবার রূপ নিয়েছে অনলাইন প্রতিবাদে। কিছু সমর্থক এই ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি পর্যন্ত তুলেছেন।
স্প্যানিশ সংবাদপত্র এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পুনঃম্যাচের দাবিতে প্রচারাভিযান শুরু করেছেন, যাতে এখন পর্যন্ত ৬১ হাজার ৫০০-এর বেশি স্বাক্ষর জমা পড়েছে।
এই উদ্যোগের নেতৃত্বে আছেন আর্জেন্টাইন সমর্থক গিসেলা সানচেজ। চেইঞ্জ ডটঅর্গ ওয়েবসাইটে একটি পিটিশন চালু করে তিনি স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং গত রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত ওই ম্যাচের রেফারিং সিদ্ধান্তগুলো পর্যালোচনা করার আহ্বান জানান ফিফার কাছে।
সানচেজের দাবি, রেফারির কিছু সিদ্ধান্ত সরাসরি ম্যাচের গতিপথ প্রভাবিত করেছিল, যা পর্যালোচনার দাবি রাখে। তবে এসব অভিযোগের সপক্ষে কোনো দালিলিক প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি।
উল্লেখ্য, এই পিটিশনের কোনো আইনি ভিত্তি নেই যা ফিফাকে ফলাফল পরিবর্তনে বাধ্য করতে পারে। ক্রীড়া বিধিমালা অনুযায়ী, ব্যতিক্রমী পরিস্থিতি অথবা ফিফার নিজস্ব উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া কোনো আনুষ্ঠানিক ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে এমন প্রতিবাদ এই প্রথম নয়। এর আগে লামিন ইয়ামালের নেওয়া একটি পেনাল্টি-সংক্রান্ত বিতর্কিত মুহূর্তকে কেন্দ্র করে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে একটি ফরাসি প্রচারাভিযানও ৮২ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছিল।
উল্লেখ্য, অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। হারের তিক্ততা সত্ত্বেও ফাইনালের শেষ বাঁশি বাজার পরও হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক রাস্তায় নেমে আসেন।
