ঢাকা, এখন সময় মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গনমাধ্যম
  8. ছোটদের পোস্ট
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মতামত

১৭ বছরের অধ্যায়ের সমাপ্তি, অবসরে আর্জেন্টিনার রক্ষণ-দুর্গ ওটামেন্ডি

Dhaka
July 24, 2026 3:48 pm
Link Copied!

আর্জেন্টিনার রক্ষণভাগে প্রায় দুই দশক ধরে আস্থার প্রতীক হয়ে থাকা নিকোলাস ওটামেন্ডি এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা—দেশের ফুটবলের সোনালি অধ্যায়ের সাক্ষী এই অভিজ্ঞ ডিফেন্ডার শেষ করলেন তার ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার।

৩৮ বছর বয়সী ওটামেন্ডি আগেই জানিয়ে রেখেছিলেন, চলতি ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক আসর। ঘটনাচক্রে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারা বিশ্বকাপ ফাইনালটিই হয়ে থাকল আকাশি-সাদা জার্সিতে তার শেষ উপস্থিতি।

এরপর বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে জাতীয় দল থেকে বিদায়ের কথা জানান তিনি। বিদায়ের আগ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মোট ১৩৯টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার, যার মধ্যে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা জয়ের গৌরব। লিওনেল মেসিদের সঙ্গে মিলেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল প্রজন্ম গড়ে তুলেছিলেন তিনি।

বিদায়ী বার্তায় ওটামেন্ডি লেখেন, নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে তাকে আজ। শেষ ম্যাচ যে বিশ্বকাপ ফাইনালেই হবে—এমন ভাগ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন তিনি, কারণ দলটি শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরাটা দিয়েছে।

দেশের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই জার্সি পরাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান, আর কখনো বিশ্বাস না হারিয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তিনি।

শুধু নিজের বিদায় ঘোষণাতেই থেমে থাকেননি ওটামেন্ডি—রেখে গেছেন ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য অনুপ্রেরণার বার্তাও। তার ভাষায়, কখনো বিশ্বাস না হারানোর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, অনেক সময় সবকিছু অসম্ভব মনে হলেও এই জার্সি তাদেরই পুরস্কৃত করে যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে। মাথা উঁচু রেখে লড়াই চালিয়ে যাওয়ার এবং কোনো পরাজয়কে স্বপ্ন কেড়ে নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আস্থা প্রকাশ করেন, আর্জেন্টিনার ইতিহাসের পরবর্তী অধ্যায় লিখবে আগামী প্রজন্মই।

তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন ওটামেন্ডি। ইউরোপে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে ১৬ বছরের সফল অধ্যায় শেষ করে সম্প্রতি তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।