বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দের টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনার তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের একটি কমিটি।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়টি পরিদর্শনের পর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম এই তদন্ত কমিটি গঠন করেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ তার বরাদ্দকৃত টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়তেই ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। সৌভাগ্যক্রমে রুটি মুখে দেওয়ার আগেই বিষয়টি নজরে পড়ায় সে কোনো শারীরিক ক্ষতির শিকার হয়নি এবং সঙ্গে সঙ্গে সে বিষয়টি শ্রেণি শিক্ষক শারমিন জাহানকে জানায়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছিল।
এদিকে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়ে থাকে, যেখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রুটি তৈরি হয়। তার ভাষ্যমতে, উৎপাদন প্রক্রিয়ায় কোনো ধাতব বস্তু ঢুকে পড়লে তা মিক্সিং পর্যায়েই গুঁড়া হয়ে যাওয়ার কথা, ফলে আস্ত একটি ব্লেড রুটির মধ্যে পাওয়াটা স্বাভাবিক ঘটনা নয়। তবে বিস্তারিত ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেটাল ডিটেকশন বিভাগের কর্মকর্তারাই দিতে পারবেন বলে জানান তিনি।
ইউএনও মো. ইব্রাহীম জানান, ঘটনাটি জানার পরপরই তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং ব্লেড পাওয়া রুটিটি জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনা জানার পরও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত না করায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।