শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক লাঠিচার্জের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে তিনি কর্তৃপক্ষের বলপ্রয়োগের কঠোর সমালোচনা করেছেন এবং নেতা-মন্ত্রীদের উদ্দেশে বেশ কয়েকটি তীক্ষ্ণ প্রশ্ন তুলেছেন।
পোস্টে অরিজিৎ লেখেন, ছাত্র-ছাত্রীদের ওপর হাত তোলার পরও কর্তৃপক্ষের বিন্দুমাত্র লজ্জাবোধ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর সরাসরি নেতা-মন্ত্রীদের উদ্দেশে জিজ্ঞাসা করেন, তারা কি নিজেদের ভগবান মনে করতে শুরু করেছেন।
কেবল ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি এই শিল্পী। তিনি স্পষ্ট বার্তা দিয়ে লেখেন, সবকিছুই মনে রাখা হবে এবং পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিবাদ শুধু কথায় সীমাবদ্ধ না রেখে অরিজিৎ শিক্ষা মন্ত্রণালয়ের একটি ইমেইল ঠিকানাও শেয়ার করেছেন। তিনি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু প্রতিক্রিয়া জানিয়ে থেমে না গিয়ে গণতান্ত্রিক পন্থায়, অর্থাৎ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখে নিজেদের মতামত ও দাবি জানানোর আহ্বান জানিয়েছেন।
এটি প্রথমবার নয় যে অরিজিৎ সিং সামাজিক ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। এর আগেও তিনি সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে পোস্ট করেছিলেন। বলিউডের এই জনপ্রিয় গায়কের এই ধরনের সরব অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করছেন।
