ঢাকা, এখন সময় মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গনমাধ্যম
  8. ছোটদের পোস্ট
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মতামত

নতুন কোচের খোঁজে ইতালি, প্রথম পছন্দ ছিলেন না গুয়ার্দিওলা

Dhaka
July 24, 2026 2:41 pm
Link Copied!

নতুন প্রধান কোচের খোঁজে দীর্ঘদিন ধরে হন্যে হয়ে ঘুরছে ইতালি। এই মুহূর্তে পেপ গুয়ার্দিওলার সঙ্গে আলোচনা চালালেও, চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম পছন্দ আসলে ছিলেন না স্প্যানিশ এই কোচ। দলটির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি নিজেই জানিয়েছেন, গুয়ার্দিওলার আগে তারা কথা বলেছিলেন কার্লো আনচেলত্তির সঙ্গে।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে দায়িত্ব ছাড়েন কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই উপযুক্ত কোচের সন্ধানে রয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইতালির সাবেক তারকা ডিফেন্ডার মালদিনি স্পষ্ট করে বলেন, বিশ্বসেরা কোচদের মধ্য থেকেই কাউকে বেছে নিতে চান তারা। নিজের ভাষায় তিনি জানান, পেপের সঙ্গে কথা বলার আগেই কার্লো আনচেলত্তির সঙ্গে তাদের আলোচনা হয়েছিল, কারণ যাদের তারা বিশ্বের সেরা কোচ মনে করেন, প্রথমেই তাদের সঙ্গে কথা বলাটাই স্বাভাবিক মনে হয়েছে তাদের কাছে।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত উত্তর আমেরিকা বিশ্বকাপে আনচেলত্তির অধীনে খেলেছে ব্রাজিল, যদিও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দলটি এবং নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয়। তবু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এখনো তার প্রতি আস্থা রেখেছে।

সেরি আ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মালদিনি জানান, সপ্তাহের মধ্যেই নতুন কোচ নিয়োগ দিতে চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি), তবে দ্রুততার চেয়ে সঠিক ব্যক্তি নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা।

ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, ইতালির কোচ হতে বছরে দুই কোটি ইউরো পারিশ্রমিক দাবি করেছেন গুয়ার্দিওলা, যা ফেডারেশনের প্রস্তাবিত অঙ্কের দ্বিগুণ। এ বিষয়ে জানতে চাইলে মালদিনি অবশ্য বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি। একই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গুয়ার্দিওলা এখন পরিবারের সঙ্গে বার্সেলোনায় বেশি সময় কাটাতে আগ্রহী, যা আলোচনায় জটিলতা তৈরি করছে।

বিশ্বসেরা কোচদের একজন হিসেবে বিবেচিত গুয়ার্দিওলা গত মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়েন। প্রায় এক দশকের কোচিং ক্যারিয়ারে সিটিকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন ৫৫ বছর বয়সী এই কোচ।

তবে গুয়ার্দিওলার সঙ্গে আলোচনা চলাকালেই এফআইজিসির পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিলিও। জাতীয় দলকে কোনো বিদেশি কোচের অধীনে দেখতে রাজি নন তিনি।

গুয়ার্দিওলা ছাড়াও সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন ২০১৪-১৬ সালে ইতালির দায়িত্বে থাকা আন্তোনিও কন্তে, যিনি সর্বশেষ নাপোলিতে কাজ করেছেন। এছাড়া সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামও আলোচনায় আছে, পাশাপাশি ২০২১ সালে ইতালিকে ইউরো জেতানো রবের্তো মানচিনির প্রত্যাবর্তনের সম্ভাবনাও বিকল্প হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।