সপ্তাহের শেষ কার্যদিবসে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার লেনদেন শেষে সব ধরনের মূল্যসূচকেই দেখা গেছে উল্লেখযোগ্য পতন, পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১০টিরই দাম কমেছে, বিপরীতে বেড়েছে মাত্র ৫৯টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। এদিন মোট ৪১ কোটি ২২ লাখ ১৪ হাজার ২১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার আর্থিক মূল্য দাঁড়ায় ৯৩৮ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৫৪৩ টাকা।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬৬ দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮০৪ দশমিক ৩০ পয়েন্টে। একই সঙ্গে ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ দশমিক ৭২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৬ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করে।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এসএআরপি ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, এমএল ডাইং, সামিট অ্যালায়েন্স পোর্ট, কুইন সাউথ টেক্সটাইল, আইটিসি, তৌফিকা ফুড, আইপিডিসি, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ।
দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমএল ডাইং, শাশা ডেনিমস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স ও দেশবন্ধু পলিমার। বিপরীতে দরপতনের শীর্ষে ছিল শ্যামপুর সুগার মিলস, উসমানিয়া গ্লাস শিট, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি, বেস্ট হোল্ডিং এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
ক্যাটাগরি অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬১টির দরই কমেছে, বেড়েছে মাত্র ৩০টির। ‘বি’ ক্যাটাগরির ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির এবং ‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর কমেছে। এদিন ‘এন’ ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়নি।
এ ছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ৩৪টি ইউনিটের মধ্যে ৩১টিরই দর কমেছে, বেড়েছে মাত্র তিনটির। করপোরেট বন্ডের তিনটির মধ্যে দুটির দাম বেড়েছে ও একটির কমেছে, তবে লেনদেন হওয়া তিনটি সরকারি সিকিউরিটিজের (জি-সেক) সব কটিরই দাম কমেছে এদিন।
