দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৯টায় সংস্থাটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ধরা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
