ঢাকা, এখন সময় মিনিট
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গনমাধ্যম
  8. ছোটদের পোস্ট
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মতামত

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Dhaka
July 24, 2026 4:29 pm
Link Copied!

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। থাই বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি, রয়্যাল থাই দূতাবাসের কর্মকর্তা, থাই প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। থাইল্যান্ডকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার আখ্যা দিয়ে তিনি বলেন, বাণিজ্য বাড়লেও এখনো দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সুযোগ রয়ে গেছে।

কৌশলগত অবস্থান, বড় ভোক্তা বাজার, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগবান্ধব নীতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব কারণে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। কৃষি প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, চামড়া, তৈরি পোশাক, অটোমোবাইল যন্ত্রাংশ ও রাবার পণ্যসহ বিভিন্ন খাতে থাই বিনিয়োগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ থাইল্যান্ডের বাজারে ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পাটজাত পরিবেশবান্ধব পণ্য, চামড়াজাত পণ্য ও হালকা প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি।

তার ভাষ্যে, এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী কেবল পণ্য প্রদর্শনের সুযোগ নয়, বরং উৎপাদক, আমদানিকারক, রপ্তানিকারক, পরিবেশক, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির কার্যকর একটি মাধ্যম। ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর মতো আয়োজন দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নতুন সম্পর্ক তৈরি করবে এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

সরকার ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে বাণিজ্য সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দায়িত্বশীল বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দেশের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারী থাই কোম্পানিগুলোকে বাংলাদেশের ব্যবসায়ী, আমদানিকারক, পরিবেশক ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীদেরও থাইল্যান্ডের বাজারে দেশীয় পণ্য রপ্তানির নতুন সুযোগ খুঁজে দেখার আহ্বান জানান তিনি। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, এই আয়োজন দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, রয়্যাল থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগের (ডিআইটিপি) আয়োজনে এবং ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের বাণিজ্যিক বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে থাইল্যান্ডের ৫৭টি প্রতিষ্ঠান। তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২৫ জুলাই পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।